ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রতিবেশী যুবক আটক

ফাঁসির দাবিতে মানববন্ধন

এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা নজরুল ইসলাম।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
মানববন্ধন
মানববন্ধন |নয়া দিগন্ত

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আবু তাহেরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত লুঙ্গি ও নিহত শিশুর স্যান্ডেল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তাবন্দী লাশ একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা নজরুল ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুর লাশ উদ্ধারের পর তারা তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর প্রতিবেশী যুবক আবু তাহেরের অবস্থান শনাক্ত করে কুষ্টিয়া থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার রায়গ্রাম এলাকার চিত্রা নদীর পাড় থেকে শিশুর ব্যবহৃত একটি স্যান্ডেল ও নদীর ভিতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করা হয়।

এদিকে, হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নিহত শিশুর গ্রামের বাড়ি মহেশপুর উপজেরার ভৈরবা বাজারে। কর্মসূচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ আফজাল জানান, ‘শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়েই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত আবু তাহের। আমরা শিশুটির বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছি।’