গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টি ঝুঁকিপূর্ণ

জেলার সাত উপজেলার ৮২টি ইউনিয়নের পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫ কেন্দ্র। এরমধ্যে দুর্গম চরাঞ্চলে রয়েছে ৬৫টি। ভোটার সংখ্যা ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন।

সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা

Location :

Gaibandha
ভোটকেন্দ্র
ভোটকেন্দ্র |নয়া দিগন্ত

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৬৭৫টি। এরমধ্যে ৩৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলার ৮২টি ইউনিয়নের পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫ কেন্দ্র। এরমধ্যে দুর্গম চরাঞ্চলে রয়েছে ৬৫টি। ভোটার সংখ্যা ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন। এ আসনগুলোতে বিএনপি ও জামায়াত জোটসহ অন্যান্য মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১২৩টি। এরমধ্যে ৪১টি ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ ১১টি। মোট ভোটার চার লাখ ১৯ হাজার ১১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ সাত হাজার ৫৭৫ জন, নারী ভোটার দুই লাখ ১১ হাজার ৫৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। এই আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-২ (সদর উপজেলা) আসনে একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১১৮টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৫১টির মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১১টি। এ আসনে মোট ভোটার চার লাখ ১১ হাজার ৪৬০ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দুই হাজার ৩৪ জন, নারী ভোটার দুই লাখ নয় হাজার ৪১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৮৭টির অতি ঝুঁকিপূর্ণ ১৭টি। এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ছয় হাজার ১৮৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯০১ জন এবং নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ২৭৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের নয়জন ভোটার আছেন। এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪২টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ১০৫টির মধ্যে অতি ঝুঁকিপূর্ণ পাঁচটি। এ আসনে মোট ভোটার চার লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩১ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার দুই লাখ ৩৬ হাজার ৭৫৮ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার আছেন। এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৭টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৯০টির মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩৫টি। এ আসনে মোট ভোটার তিন লাখ ৮৫ হাজার ২৬১ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ২৭৭ জন, নারী ভোটার এক লাখ ৯২ হাজার ৯৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। এই আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।’

গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: মাসুদুর রহমান মোল্লা বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এক হাজার ১০০ সেনা সদস্য, ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়াও আড়াই হাজার পুলিশ ও ১৪টি র‌্যাব টহল টিম থাকবে।’

তিনি আরো বলেন, ‘ভোটকেন্দ্রগুলো সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।’