নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা গণধর্ষণ মামলার আসামি মো: ফয়সাল ওরফে রিয়াজকে (৪২) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবীর সেরনিয়াবাত।
এর আগে, রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চট্রগ্রামের ফেস্টিভ্যাল জোন কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয় রিয়াজকে। তিনি নোয়াখালীর হাতিয়া থানার একটি বহুল আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ১০ মার্চ রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে একটি তরমুজ ক্ষেতের টং ঘরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী হাতিয়া থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেফতার করতে মাঠে নামে র্যাব।
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।



