বিএমইটির অভিযান

ঢাকায় মালয়েশিয়াগামীদের সাথে প্রতারণার দায়ে রিক্রুটিং অ্যাজেন্সি সিলগালা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে জনশক্তি, কর্মসংস্হান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
অভিযানের সময় পল্টন চায়না টাওয়ারের সামনে ভুক্তভোগী মালয়েশিয়াগামী ও উৎসুক জনতা ভিড় জমায়
অভিযানের সময় পল্টন চায়না টাওয়ারের সামনে ভুক্তভোগী মালয়েশিয়াগামী ও উৎসুক জনতা ভিড় জমায় |নয়া দিগন্ত

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর নয়া পল্টনে মালয়েশিয়াগামী কর্মীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের দায়ে ‘ত্রিপল এ ওভারসিজ’ নামে একটি রিক্রুটিং অ্যাজেন্সির অফিস সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে জনশক্তি, কর্মসংস্হান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনের চায়না টাওয়ারে অবস্থিত রিক্রুটিং অ্যাজেন্সিটির অফিসে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেয়া তিনটি বাক্সভর্তি পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেয়া হয়েছে। এছাড়া, প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সিলগালা করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং অ্যাজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেয়া হবে না। যারা আইন অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘জব্দ করা পাসপোর্টসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া এবং সংশ্লিষ্ট অ্যাজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখবে।’ বিজ্ঞপ্তি