বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে প্রেস ক্লাবের সামনে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ অংশ নেন। এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
মানববন্ধনের বক্তারা বলেন, শিলক খাল থেকে বালু উত্তোলনের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ হুমকির মুখে পড়েছে। কৃষি, পরিবেশসহ জনজীবনেও এর বিরূপ প্রভাব দেখা দিতে পারে। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বক্তারা বলেন, শিলক খাল শুধু একটি জলাধার নয়, এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। খাল রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেয়া না হলে ভবিষ্যতে বালু উত্তোলনের ক্ষতি আরো ভয়াবহ হতে পারে।
বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।



