ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় সড়কগুলো সড়কে নানা জায়গায় বড় বড় গর্তে পানি জমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন এসব সড়ক দিয়ে হাজারো মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে অর্ধশতাধিক গ্রামের মানুষের দুর্ভোগ এখন চরমে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, ছনধরা ইউনিয়নের হাটপাগলা মোড় থেকে কাশিগঞ্জ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়। রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলাচল করলেও দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানায়, প্রায় ৪০টি গ্রামের মানুষ এই সড়ক পথে যাতায়াত করে।
ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড় থেকে রামভদ্রপুর ইউনিয়নের গোয়াডাঙ্গা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়কের অবস্থাও নাজুক। একইভাবে ভাইটকান্দি বাজার থেকে মিচকিপাড়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ফুলপুর সদর ও ভাইটকান্দি বাজারের ওপর নির্ভরশীল প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।
ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড় থেকে বওলা বাজার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ব্যস্ত সড়কের বেশির ভাগ অংশে খানাখন্দ তৈরি হয়েছে। বওলা, বালিয়া ও রূপসী ইউনিয়নের অন্তত ৪০ গ্রামের মানুষের জেলা ও উপজেলা সদরে যাতায়াতের প্রধান পথ এটি। প্রতিদিন বিপুলসংখ্যক হালকা ও ভারী যানবাহন চলাচল করায় সড়কটির দুরবস্থায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।
এ ছাড়া রামভদ্রপুর, রহিমগঞ্জ ও পয়ারী ইউনিয়নের মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ পয়ারী সড়কের বিভিন্ন অংশও ভেঙে গেছে। বিশেষ করে রহিমগঞ্জের শাখা সড়কটির অবস্থা খারাপ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, সড়কগুলোর দুরবস্থা তিনি সরেজমিনে দেখেছেন। জনস্বার্থে সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।



