অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান
অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সংগৃহীত

ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই বিপাকে পাকিস্তান ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের আগে ঢাকায় পৌঁছালেও খেলোয়াড়দের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম পায়নি দলটি। সেগুলো আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে। ফলে ম্যাচের আগের দিন বুধবার অনুশীলনও করতে পারেনি পাকিস্তান।

Advertisement

বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছায় পাকিস্তান দল। কিন্তু লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম না আসায় পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি তাদের। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে সূচি অনুযায়ী অনুশীলন করেছে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত।

ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও খুব একটা আশাব্যঞ্জক নয়। সর্বশেষ ২০০৫ সালের জুনে ভারতকে হারিয়েছিল তারা। এরপর দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে, প্রতিবারই জিতেছে ভারত। সাফের ইতিহাসেও ভারতের আধিপত্য স্পষ্ট। টুর্নামেন্টে নয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, এখনো শিরোপার স্বাদ পায়নি পাকিস্তান।

এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে সাফে এসেছে ভারত। তাই প্রতিপক্ষের বিপক্ষে পুরোনো হিসাব বদলে দেয়ার সুযোগ দেখছিল পাকিস্তান। কিন্তু ম্যাচের আগে লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আটকে যাওয়ায় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটল তাদের।

আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের আগে প্রস্তুতির দিক থেকে এগিয়ে থাকছে ভারত।