ব্রোঞ্জও জুটল না জ্যোতিদের

 ক্রীড়া প্রতিবেদক
ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে আগেই সেমিফাইনালে বিদায় নিয়েছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে না উঠতে পারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সান্ত¡নার জয়টুকু পেল না বাংলাদেশ। পাকিস্তানের আট উইকেটে ১৪৫ রানের জবাবে বাংলাদেশ সাত উইকেটে ১১৪ রান করে। ফলে ৩১ রানে হেরে গত এশিয়ান গেমসে পাওয়া ব্রোঞ্জ পদকও হারাল টাইগ্রেসরা।
এবারের নারী এশিয়ান গেমস ক্রিকেট যেন চলছে সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপের চিত্রনাট্য। দুবাইয়ে ভারত সেমিফাইনালে হারিয়েছিল বাংলাদেশকে। আর পাকিস্তান হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সেই চিত্রনাট্য অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান নারী এশিয়ান গেমসে নিজ নিজ^ ম্যাচে হেরে যাওয়ায় তাদের ফাইনালে ওঠা হয়নি। গতকাল নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে জ্যোতিদের খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে।  
১৪৬ রানের লক্ষ্যে নেমে ৪.১ ওভারে তিন উইকেটে ২০ রানে পরিণত হয় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার চার বলে দুই চারে ১২ রান করেছেন। টপঅর্ডারের অপর দুই ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস (৪) ও সোবহানা মোস্তারি (২) এক অঙ্কের ঘরে রান করে আউট হয়েছেন। চতুর্থ উইকেটে অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ৫৬ বলে ৪৭ রান করেছেন। ১৪তম ওভারের তৃতীয় বলে জ্যোতিকে (২৫) এলবিডব্লিউ করে জুটি ভাঙেন আয়েশা জাফর।
একপ্রান্ত আগলে সুপ্তা খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ ১৭.৫ ওভারে সাত উইকেটে ৯৩ রানে পরিণত হয়। সুপ্তা ৪৫ বলে চার চারে ৪৬ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে সাত উইকেটে ১১৪ রানে আটকে যায়। পাকিস্তানি স্পিনার উম্মে হানি চার ওভারে ১০ রানে তিন উইকেট নিয়েছেন। এক ওভার মেডেনও দিয়েছেন।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। দুই ওপেনার শাওয়াল জুলফিকার ও গুল ফিরোজা ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েন। উদ্বোধনী জুটি ভাঙতেই মুহূর্তে দলটি ১১.৪ ওভারে পাঁচ উইকেটে ৬৭ রানে পরিণত হয়। অধিনায়ক সানা ও আলিয়া রিয়াজ ষষ্ঠ উইকেটে ৪৩ বলে ৬৭ রানের জুটি গড়েন। স্কোরবোর্ডে পাকিস্তান তোলে ২০ ওভারে আট উইকেটে ১৪৫ রান। পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান আসে সানার ব্যাটে। ৩০ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। বাংলাদেশের নাহিদ আক্তার, রিতু মণি, স্বর্ণা আক্তার দু’টি করে উইকেট নিয়েছেন। সানজিদা আক্তার মেঘলা পেয়েছেন এক উইকেট।
এদিকে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ১৪৭ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে ভারত।
এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে সেরা সাফল্য আসে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এরপর ২০২৩ সালে বাংলাদেশের ছেলে-মেয়ে উভয় ক্রিকেট দলই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল। এবার  জ্যোতিরা স্বর্ণপদক জিততে না পারলেও ছেলেদের সেই সুযোগ থাকছে। ২৯ সেপ্টেম্বর লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলবে কোয়ার্টার ফাইনালে। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সাথে রয়েছে মালয়েশিয়া।
সংক্ষিপ্ত স্কোর 
পাকিস্তান : ২০ ওভারে ১৪৫/৮ (আলিয়া ২৫, ফাতিমা ৪৫, মেঘলা ১/২৮, রাবেয়া ০/২৩, নাহিদা ২/২১, স্বর্ণা ২/১৬, রিতু ২/২৭)।
বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৭ (দিলারা ১২, জুয়ায়রিয়া ৪, নিগার ২৫, সোবহানা ২, শারমিন ৪৬*, স্বর্ণা ৬, রিতু ৩, রাবেয়া ৪, নাহিদা ১০*;  উম-ই-হানি ৩/১০)।