
শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের হার দিয়ে এশিয়ান গেমস শুরু করেছে বাংলাদেশ পুরুষ হকি দল।
জাপানের কামাকিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এশিয়ান গেমসে নিজেদের ২০তম অভিযান শুরু করেছে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে কোরিয়াকে আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ঘুড়ে দাঁড়ায় র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া। এই কোয়ার্টারে দুই গোল হজম করে লাল সবুজের প্রতিনিধিরা।
তৃতীয় কোয়ার্টারে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ দুটি গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। দ্বীন ইসলাম ইমন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ঠিক একই ভুল করেছেন অভিজ্ঞ মিমো।
২২ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর একই ভেন্যুতে ২৪, ২৬ ও ২৮ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলবে তারা।
এদিকে বাংলাদেশ নারী হকি দলও এশিয়ান গেমসে অভিষেক করতে যাচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ হকি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এশিয়ান গেমস অভিযান শুরু হবে।







