বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্ব
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়া দিগন্ত

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শিরোনামের ২০২৭ সালের (১৮তম বার্ষিক) ওই সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি প্রথমবারের মতো ‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

তালিকায় আছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় থাকছেন।

আগের ২০২৬ সংস্করণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০-এর মধ্যে ৫০তম স্থানে থাকলেও ২০২৭ সালের সংস্করণে তার নাম নেই।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয়।

বাকি ৪৫০ জনকে র‍্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিতরা র্য্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।