ঢাকা মহানগর উত্তর যুবদল, যুবদলের নতুন কমিটি, মিজানুর রহমান রাজ, মনিরুল ইসলাম স্বপন, মো: শিমুল আহমেদ, মেহেদী হাসান রুয়েল, আমিনুল ইসলাম হিমেল, আবুল হাসান টিটু
ঢাকা উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় চার নেতা। সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, শিগগিরই নতুন কমিটি ঘোষণা হতে পারে।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। নতুন কমিটি পূর্ণাঙ্গ নাকি আংশিক হবে, সে বিষয়েও রয়েছে নানা আলোচনা।

সম্প্রতি দলীয় সূত্রে জানা গেছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সাথে যোগাযোগের বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে। সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের নামও আলোচনায় রয়েছে।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজ এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম স্বপনসহ কয়েকজন।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহবায়ক মো: শিমুল আহমেদ, আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল এবং তিতুমীর কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিমেলসহ কয়েকজন।

দলীয় নেতাকর্মীদের একটি অংশের মতে, সাধারণ সম্পাদক পদে শিমুল আহমেদের নাম গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সাথে যুক্ত শিমুল আহমেদ ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন বলে তারা জানান।

তাদের ভাষ্য, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ ধরে রেখেছেন শিমুল আহমেদ। এ কারণে নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় এসেছে।

দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ভাষ্য, দলের দুঃসময়ে পাশে থাকা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলে গ্রহণযোগ্যতার বিষয়গুলো নতুন নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব পেতে পারে।

নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের আগ্রহ বাড়লেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। ফলে সম্ভাব্য নেতাদের নাম নিয়ে আলোচনা থাকলেও কমিটি ঘোষণার আগে কাউকেই নিশ্চিতভাবে পদপ্রাপ্ত বলা যাচ্ছে না।