
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি কর্মসূচি ঘিরে ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১ জেলায় গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল হামলাসহ নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সংঘটিত সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়। এ সময় থানায় হামলা ও অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর এবং গোপালগঞ্জে সরকারদলীয় দুই এমপির বাড়িতে আগুন দেয় আওয়ামী দুর্বৃত্তরা। নড়াইলের কালিয়ায় বিএনপির দুই কর্মী হত্যার মতো নৃশংস ঘটনাও ঘটেছে। আওয়ামী সন্ত্রাসীদের অব্যাহত সহিংসতার পরও সরকারের কার্যকর পদক্ষেপ তেমন ছিল না।
দেশব্যাপী সহিংসতা, নাশকতা ও প্রাণহানির ঘটনায় জনমনে গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে। এমন ভয়াবহ নাশকতা ও সহিংসতা রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এমন একটি স্পর্শকাতর সময়ে সরকারের অবস্থান, প্রশাসনের ভূমিকা এবং ক্ষমতাসীন দলের কৌশল নিয়ে নাগরিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে।
নয়া দিগন্তের প্রতিবেদনে উঠে আসা বিশ্লেষকদের পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের চিত্র থেকে স্পষ্ট যে, নাশকতার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি। ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি থাকলেও কার্যকর ব্যবস্থা নিতে গড়িমসি দেখা গেছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। প্রশাসনের নিষ্ক্রিয়তা বা নীরবতা অপরাধীদের আরো বেপরোয়া করে তোলে। যাতে জননিরাপত্তা আরো দুর্বল করার শঙ্কা তৈরি হচ্ছে।
সহিংসতা মোকাবেলায় রাজনৈতিক কৌশল নির্ধারণে ক্ষমতাসীনদের মতপার্থক্য ও অস্পষ্টতা স্পষ্ট। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী, বিশেষ করে পুলিশের কার্যকর ভূমিকা অপরিহার্য। প্রশ্ন হচ্ছে, পুলিশ বাহিনী কি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে? নাকি দায়িত্ব পালনে গাফিলতি আছে? তবে সরকার পরিস্থিতি কিভাবে সামাল দিতে চায়, তার ওপর অনেকাংশে পুলিশের তৎপরতাও নির্ভর করে।
রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার ও প্রশাসনের দৃশ্যমান, নিরপেক্ষ এবং আইনসম্মত ভূমিকা পালন করতে হবে। সহিংসতার ধরন ও মাত্রা যা-ই হোক না কেন, কোনো গোষ্ঠী যাতে নাশকতা চালানোর দুঃসাহস না দেখায়, সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি ক্ষমতাসীন দলকে নিজেদের অবস্থান ও কৌশল নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে। ক্ষমতাসীন দলের কারো নামে যাতে নাশকতাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কিংবা সহিংস কর্মকাণ্ডের সুযোগ করে দেয়ার অভিযোগ না ওঠে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সারকথা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কোনো দলকে কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না।
এই মুহূর্তে অস্থিরতা কাটিয়ে ওঠা সবচেয়ে বড় প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিতে হবে। তাই জননিরাপত্তা স্থিতিশীল রাখতে এখন সবচেয়ে বেশি জরুরি প্রশাসনের কার্যকর সক্রিয়তা ও সুসংহত পদক্ষেপ। পুলিশ প্রশাসন সক্রিয় এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম এই বার্তা দিতে হবে। এজন্য সরকারের আরো সক্রিয় ভূমিকা দরকার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









