নিক্সন, খারাপ, ট্রাম্প,
নিক্সনের চেয়েও খারাপ ট্রাম্প। সংগৃহীত
ads

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ড। তার মতে, ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চেয়েও ‘অনেক বেশি খারাপ’। একই সাথে ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ শুরু করে ট্রাম্প গুরুতর ভুল করেছেন বলেও মন্তব্য করেন এই বর্ষীয়ান সাংবাদিক।

অ্যাক্সিওসের সহপ্রতিষ্ঠাতা মাইক অ্যালেনের সাথে ‘দ্য অ্যাক্সিওস শো’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে উডওয়ার্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের নেপথ্যের নানা বিষয় তুলে ধরেন এবং ট্রাম্পের প্রেসিডেন্সি সম্পর্কে নিজের এই মূল্যায়ন জানান।

দুর্নীতি ও ব্যক্তিগত সুবিধা নিয়ে উডওয়ার্ডের অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে উডওয়ার্ড উল্লেখ করেন, প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প নিজেই বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছেন।

এ বিষয়ে উডওয়ার্ড বলেন, ‘একসময় কোনো প্রেসিডেন্ট অন্য কারও ব্যক্তিগত উড়োজাহাজে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পেলেও তা কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হতো। আর এখন তিনি বিনা মূল্যে একটি উড়োজাহাজই পেয়ে যাচ্ছেন।’

ইরান যুদ্ধই হবে ট্রাম্পের প্রেসিডেন্সির প্রধান উত্তরাধিকার

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হিসেবে দেখছেন বব উডওয়ার্ড।

তিনি বলেন, ‘ট্রাম্পের প্রেসিডেন্সি থেকে যে বিষয়টি আমাদের মনে থাকবে এবং যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে, তা হলো ইরান যুদ্ধ।’

প্রেসিডেন্টদের রাজনৈতিক উত্তরাধিকার তাদের পরিচালিত যুদ্ধের মধ্য দিয়েই নির্ধারিত হয়—নিজের দীর্ঘদিনের এই পর্যবেক্ষণের কথা উল্লেখ করে উডওয়ার্ড জানান, সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত বড় একটি ভুল। যুদ্ধ শুরু করার ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প ভুল করেছেন। আমি যেমন বলেছি, কোনো উসকানি ছাড়াই তিনি এই যুদ্ধ শুরু করেছেন।’

নিক্সন ও ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে পার্থক্য

ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে কার্ল বার্নস্টেইনের সঙ্গে ওয়াশিংটন পোস্টে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিশ্বজুড়ে পরিচিতি পান বব উডওয়ার্ড। ওই প্রতিবেদনগুলোর ধারাবাহিকতায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পদত্যাগের পথ তৈরি হয়েছিল।

সাক্ষাৎকারে উডওয়ার্ড নিক্সন ও ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যেও স্পষ্ট পার্থক্য তুলে ধরেন। তাঁর মতে, নিক্সনের উপদেষ্টাদের মধ্যে এমন ব্যক্তিরা ছিলেন, যাঁরা যুদ্ধ ঠেকাতে এবং প্রেসিডেন্টকে যুদ্ধ থেকে বিরত রাখতে সক্রিয়ভাবে চেষ্টা করতেন।

অন্যদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা প্রেসিডেন্টকে ভুল পথে উৎসাহিত করছেন বলে মন্তব্য করেন তিনি। উডওয়ার্ডের ভাষায়, তাঁরা কেবল ‘দানবকে খাইয়ে যাচ্ছেন’।

ইরান যুদ্ধের প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ সমালোচনা

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। দেশটির আইনপ্রণেতা, আইন বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা যুদ্ধের কৌশলগত যৌক্তিকতা এবং এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: প্রেস টিভি