
সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি জননিরাপত্তাকে গুরুতর হুমকির মুখে ঠেলে দিয়েছে। খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও মাদকের বিস্তারে নগর থেকে গ্রাম- কোথাও স্বস্তিতে নেই মানুষ। জমিজমা নিয়ে বিরোধ, পারিবারিক কলহ, অর্থ লেনদেন এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। দিনের আলোয় প্রকাশ্যে খুনের ঘটনাও ঘটছে। অন্য দিকে অটোরিকশা ছিনতাই, বাসাবাড়িতে চুরি ও মাদক কারবারের বিস্তার সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে তুলেছে।
পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসে ময়মনসিংহ জেলায় ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সময়ে মাদকসংক্রান্ত এক হাজার ২৯৬টি মামলা হয়েছে। এত বিপুলসংখ্যক অপরাধের পরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় পুলিশের কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের হিসাব অনুযায়ী, শুধু মার্চ থেকে জুলাই পর্যন্ত মাত্র পাঁচ মাসেই জেলায় ৫৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে শুধু জুলাই মাসেই খুন হয়েছেন ১৬ জন। হত্যাকাণ্ডের পেছনে জমিজমা নিয়ে বিরোধ বড় কারণ হিসেবে উঠে এসেছে। জমির সীমানা নির্ধারণ, দখল ও সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে। পাশাপাশি পারিবারিক কলহ, পরকীয়া এবং সামান্য অর্থের বিরোধও রূপ নিচ্ছে নৃশংস হত্যাকাণ্ডে।
সর্বশেষ গত ১৩ আগস্ট নগরীর মাসকান্দায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে খুন হন রাব্বী (২৭)। এর আগে ফুলবাড়িয়ার এনায়েতপুরে কাস্টমসের সিপাহি আবু রায়হানের ১৫ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পুলিশি টহলের অভাব, তদন্তে দীর্ঘসূত্রতা এবং জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার কারণে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় টহল, সিসিটিভি নজরদারি ও দ্রুত তদন্তের উদ্যোগ রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








