সংক্ষিপ্ত সংবাদ


কারা পলাতক আসামি গ্রেফতার 

Advertisement

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করেছে এসআরবি-১১। গত মঙ্গলবার রাতে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার বিস্তারিত জানিয়ে এসআরবি-১১ জানায়, আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানার ২০০৯ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১ নম্বর আসামি। ২০১৩ সাল থেকে তিনি কারাগারে ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন-পরবর্তী দাঙ্গা ও অগ্নিসংযোগের সুযোগে তিনি সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। আত্মগোপনে থাকাবস্থায় প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। তিনি চন্দনাইশ থানার উত্তর বরকল গ্রামের আবু তালেবের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

পুকুরে গোসলে নেমে মৃত্যু 

পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে মিরাজ হোসেন নামের এক পরিচ্ছন্নতাকর্মীর বৃদ্ধ বাবা মো: শাহজাহান (৭৫) পানিতে ডুবে মারা গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো: শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা। তিনি কয়েক দিন আগে কাউখালীতে তার ছেলে মিরাজের বাসায় বেড়াতে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে তিনি পুকুরে গোসল করতে নামেন। বেলা গড়িয়ে গেলেও বাসায় না ফেরায় স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ে। পরে দুপুরের দিকে এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে। কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো: এবাদ আলী জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

বাড়িঘরে হামলা ও লুটের অভিযোগ 

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর, গবাদিপশু ও পুকুরের মাছ লুটের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার রাতে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়াপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিষ্টি আক্তার জানান, গত ২৭ অক্টোবর চার্জার চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার ধরা পড়ে। এর প্রতিবাদ করায় পরদিন তার শ্বশুর ফজলুর রহমানকে শারীরিকভাবে মারধর করা হয়। পরে ২৯ অক্টোবর অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে গরু, মহিষ, হাঁস ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। এ ছাড়া রাতের আঁধারে ১০ শতাংশ জমির কাঁচা ধানও কেটে নেয়া হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অবিলম্বে অপহৃত গবাদিপশু উদ্ধার ও নিজেদের জানমালের নিরাপত্তা দাবি করেছে। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা। 

বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা 

বরিশালের মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সরওয়ার। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বি, শিক্ষা কর্মকর্তা মো: রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, মুলাদী থানার এসআই লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহ্বায়ক এনামুল হক ইন, মৎস্য কর্মকর্তা আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এবং স্থানীয় সাংবাদিকরা। দিবসটি অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুলাদী (বরিশাল) সংবাদদাতা।

ন্যায্যমূল্যে সার বিতরণের নির্দেশ 

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুস ছালাম মিয়া, কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীক জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং এলাকার সার-বীজ ডিলাররা। সভায় ইউএনও বলেন, কৃষকদের স্বার্থে সার ও বীজের সুষ্ঠু বিতরণ সর্বাবস্থায় নিশ্চিত করতে হবে। কোনো ডিলার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে বা কৃত্রিম সঙ্কট তৈরি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষকরা যেন সময়মতো ন্যায্যমূল্যে সার পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা। 

দুই শিক্ষার্থীকে সম্মাননা প্রদান 

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পটুয়াখালী জেলায় নৃত্যে প্রথম ও বরিশাল বিভাগে তৃতীয় স্থান অর্জন করায় ডা. ডলি আকবর মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মজুমদার দেবযানী এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ সফলতা অর্জন করায় আরজবেগী দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তায়েব হোসেনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদ হাসান মৃধা তাদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) শহিদুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন, ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, বাংলা প্রভাষক সায়েম আহম্মেদ ও শিক্ষার্থীর গর্বিত বাবা দেবাশীষ মজুমদার উপস্থিত ছিলেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা। 

মাদকবিরোধী সভা অনুষ্ঠিত 

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে গত মঙ্গলবার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এএইচসি সরকারি উচ্চবিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাইদ অর রহমানের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদ। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট ও প্রয়োজনীয় শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়। নোয়াখালী অফিস। 

কুমিল্লায় ৩৮৫ জন আটক 

কুমিল্লায় শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী উসকানিদাতা, সক্রিয় কিশোর গ্যাং, চিহ্নিত ছিনতাইকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। গত সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ৩৮৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিকদের উসকানি দেয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জেলাজুড়ে অপরাধপ্রবণ ও চিহ্নিত স্পটগুলোতে ডিবিসহ সব ইউনিটের সদস্যদের নিয়ে মাঠে নামে। আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, ছিনতাইকারী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরাও রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড রোধ, উঠতি বয়সী কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনা এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে এ ধরনের যৌথ ও কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কুমিল্লা প্রতিনিধি।