অধ্যক্ষের অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজারহাটে মানববন্ধন

 রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা 

Advertisement

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ এবং দুর্নীতির প্রতিবাদকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মাদরাসার প্রধান ফটকের সামনে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন সাদেকুল ইসলাম, নুর আলম সিদ্দিকী, সালমান ফারসী সরদার, বায়োজীদ বোস্তামী সরকার ও মানিক সরকারসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, মাদরাসার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমানের অপসারণ দাবি করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও পেজ খুলে বিভিন্ন ব্যক্তির ছবি ও পরিচয় ব্যবহার করে হয়রানি এবং মানহানিকর তথ্য প্রচারের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।