
ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল প্রদানের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে বেবিচকের ই/এম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুন : বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
দুদক জানায়, অভিযানকালে ওভারটাইম বিলসংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি পেয়েছে এনফোর্সমেন্ট টিম। এ ছাড়া, ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি এবং সরঞ্জাম ক্রয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
এদিকে, রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, পরীক্ষা-নিরীক্ষার নামে বিনা রশিদে অর্থ আদায় ও আত্মসাৎ, ওষুধের মজুতে গরমিল এবং অতিরিক্ত মূল্যে চিকিৎসাসামগ্রী ক্রয়ের অভিযোগে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক।
আরো পড়ুন : নিজের ওয়াজ মাহফিল নিয়ে সুখবর দিলেন মিজানুর রহমান আজহারী
অভিযানকালে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করে কার্ডিওলজি বিভাগে ইসিজি ও ইকো পরীক্ষার ফি আদায় এবং সেবা প্রদানে ব্যাপক অনিয়মের চিত্র পেয়েছে দুদক। নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের মাধ্যমে রোগীদের তাৎক্ষণিক পরীক্ষার সুযোগ দেয়ার অভিযোগেরও প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি।
সাধারণ রোগীদের পরীক্ষার জন্য দুই থেকে চার দিন অপেক্ষা করতে হলেও অতিরিক্ত অর্থ প্রদানকারীদের তাৎক্ষণিক সেবা দেওয়া হতো।
এছাড়া, হাসপাতালের বহির্বিভাগের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরে বাস্তব মজুতের সঙ্গে রেজিস্টারের গরমিল পাওয়া যায়। ক্রয়সংক্রান্ত চালান পর্যালোচনায় কয়েকটি পণ্য বাজারমূল্য বা গায়ে মুদ্রিত খুচরা মূল্যের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশি দামে কেনার তথ্য পেয়েছে দুদক। সরবরাহকৃত কয়েকটি ওষুধ ও ইনজেকশনের প্যাকেটে সরকারি ব্যবহারের জন্য নির্ধারিত সিল বা চিহ্নও পাওয়া যায়নি।
অন্যদিকে, দালালচক্রের সাথে যোগসাজশে পাসপোর্ট সেবা প্রদানে হয়রানি, নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় ও আবেদন গ্রহণে অনিয়মের অভিযোগে ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে ছদ্মবেশে সেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও সেবাপ্রার্থীদের সাথে কথা বলে অভিযোগসংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হয়। পরে দালালদের তৎপরতা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সাথে তাদের সম্ভাব্য যোগসাজশের বিষয়ে অফিসের উপ-পরিচালককে সতর্ক করা হয়।
এ ছাড়া, নামজারি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকালে স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের সাথে কথা বলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নামজারি আবেদন দীর্ঘদিন আটকে রেখে দালালের মাধ্যমে ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিলাসপুর ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে বলে জানতে পেরেছে দুদক।
চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই-বাছাই ও পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ এনফোর্সমেন্ট প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক। সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









