আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ
চট্টগ্রাম মহানগর জামায়াত এ বিক্ষোভ মিছিল আয়োজন করে। নয়া দিগন্ত
ads

দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রাম মহানগর জামায়াত এ বিক্ষোভ মিছিল আয়োজন করে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর আগ্রাবাদের বাদামতল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মহানগর জামায়াতের আমির আমির মুহাম্মদ নজরুল ইসলাম মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সঙ্কট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।

সমাবেশে মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম ও ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশে নগর সাংগঠনিক সম্পাদক ডা: ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী, সদরঘাট থানা আমির এম এ গফুর, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।