লিডিং ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী পর্যটন মেলা শুরু
সিলেটে লিডিং ইউনিভার্সিটির পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: আব্দুল মালিক এমপি : নয়া দিগন্ত।

সিলেট ব্যুরো

Advertisement

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে ষষ্ঠবারের মতো দুই দিনব্যাপী ‘পর্যটন মেলা ২০২৬’ শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো: আব্দুল মালিক। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় এলইউ ট্যুরিস্ট ক্লাব এ মেলার আয়োজন করেছে।
আব্দুল মালিক বলেন, সিলেটে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই খাতের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক। তিনি লিডিং ইউনিভার্সিটি প্রাঙ্গণ থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ এ বছরের মধ্যেই শুরু করার আশ্বাস দেন। এ ছাড়া অঞ্চলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি কলেজ প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কোর্স চালুর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী বলেন, দেশের অর্থনীতিতে পর্যটন বড় ভূমিকা রাখছে। প্রাকৃতিক সৌন্দর্যের সিলেটে অবকাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজউদ্দিন জানান, পর্যটনের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে ‘ট্রাভেল জ্যাজ ভলিউম-৪’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। দুই দিনব্যাপী এ মেলায় ২০টিরও বেশি পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও বারিস্টা ট্রেনিং সেন্টার তাদের সেবা প্রদর্শন করছে। ৫ই নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।