ঢাবি ভিসির সাথে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাবি ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলামের সাথে বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা : নয়া দিগন্ত।

 

Advertisement

রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়েল ‘জাতীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় বিভাগ’-এর উপদেষ্টা আলেকজান্ডার ভ্যাডিসলিভিচ পারকিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং রাশিয়ান হাউজের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়, সাংস্কৃতিক কর্মসূচি বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণ এবং দূতাবাসের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 
তারা ঢাকা বিশ্বদ্যিালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ৯ মাস মেয়াদি রুশ ভাষা শিক্ষা বিষয়ে ফ্রি কোর্স চালুর সম্ভাবনা নিয়েও কথা বলেন। 
তাছাড়া রুশ ভাষা বিষয়ে পাঠদানে রাশিয়া থেকে প্রশিক্ষক (নেটিভ স্পিকার) প্রেরণের ব্যাপারে আগ্রহ দেখান। 
প্রতিনিধিরা জানান, এই প্রকল্পের মাধ্যমে সরকারি বৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। এ ছাড়া রুশ ভাষা জানা থাকলে বাংলাদেশী কর্মীরা রাশিয়ায় ভালো বেতনে উন্নত কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরো যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের লক্ষ্যে তারা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হন। বিজ্ঞপ্তি।