কৃষি উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষায় গাকৃবিতে কর্মশালা

 গাজীপুর মহানগর প্রতিনিধি 
গবেষণালব্ধ উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষা ও কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণে গবেষকদের সক্ষমতা বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আইপিআরবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। স্বাগত বক্তব্য দেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এ সময় প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, গবেষণার সার্থকতা মানুষের কল্যাণে এর প্রয়োগে। গবেষকদের মেধার স্বীকৃতি, উদ্ভাবনের সুরক্ষা ও প্রযুক্তি হস্তান্তরে সচেতনতা জরুরি। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাত ও প্রযুক্তির জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পেটেন্ট অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। পেটেন্ট প্রক্রিয়া সহজ করতে সরকারও বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
কর্মশালায় পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতরের উপপরিচালক মো: হাবিবুর রহমান, সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক প্রফেসর ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মুহাম্মদ জিয়াউল হক প্রশিক্ষণ দেন। এতে কৃষি, ফিশারিজ, বন ও পরিবেশ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Advertisement