
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ সচিবালয়ের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পাশাপাশি সচিবালয়ের সাংগঠনিক সংস্কার ও বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সাংগঠনিক সংস্কারে কারিগরি ও পেশাগত সহায়তায় দুই থেকে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।
মঙ্গলবার এ সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ ও আলোচনা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগসংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ কার্যক্রম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ কার্যক্রম জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়ে আলোচনা হয়। পরামর্শক নিয়োগের বিষয়ে জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাথে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম এমপি, মো: সেলিম রেজা এমপি এবং মোসাম্মৎ শাম্মী আক্তার এমপি অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








