রাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৬৮ শিক্ষার্থী ও ৬ শিক্ষক
রাবিতে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীরা : নয়া দিগন্ত।

রাবি প্রতিনিধি

Advertisement

ভালো ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের জন্য অনুষদের ছয়জন শিক্ষককেও এই সম্মাননা দেয়া হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ভিসি অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলাম।
অনুষদ সূত্রে জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে সিজিপিএ ৩.৮৫ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিবিএ পর্যায়ের ২৮ জন এবং এমবিএ পর্যায়ের ৪০ জনসহ মোট ৬৮ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ জন, মার্কেটিং বিভাগের ২৭ জন, ফাইন্যান্স বিভাগের দুইজন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ছয়জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১১ জন শিক্ষার্থী রয়েছেন। পুরস্কৃতদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো: ফরিদুল ইসলাম এই আয়োজন প্রতি বছর অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সম্মাননা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অর্জনের পর শিক্ষার্থীদের দায়িত্ব আরো বেড়ে গেল। এই সাফল্য বজায় রেখে ভবিষ্যতে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, যা অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
স্বাগত বক্তব্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, এই অর্জন কেবল পুরস্কার নয় বরং শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার প্রতিফলন, যা দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গঠনে ভূমিকা রাখবে। সম্মাননা পেয়ে অনুভূতির কথা জানাতে গিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা শিউলি বলেন, কঠোর পরিশ্রম, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের দোয়ার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: হাসনাত কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।