
সাভার (ঢাকা) সংবাদদাতা
গার্মেন্ট শিল্পে চলমান শ্রম অসন্তোষ নিরসন, শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হয়রানি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে সম্মানজনক মজুরি ঘোষণার দাবিতে সাভার প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে ১২ শ্রমিক সংগঠনের সমন্বয়ে সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটি। শ্রমজীবী ঐক্য পরিষদ সংবাদ সম্মেলনে গার্মেন্ট শিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করার পদক্ষেপ গ্রহণ করায় শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। একই সাথে শিল্পের স্থিতিশলতা ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে শ্রমিক ভাইবোনদের নিজ নিজ কর্মস্থলে উৎপাদনে অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমজীবী ঐক্য পরিষদের সমন্বয়ক সুমাইয়া ইসলাম। সংবাদ সম্মেলন থেকে সরকার ও মালিকপক্ষের প্রতি পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অবিলম্বে গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। চলমান শ্রম অসন্তোষের অজুহাতে কোনো শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না। শ্রমিক নেতাদের ওপর যেকোনো ধরনের হয়রানি, নির্যাতন ও নজরদারি/ গোয়েন্দা তৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বান করে দ্রততম সময়ের মধ্যে শ্রমিকদের সম্মানজনক নতুন মজুরি ঘোষণা করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








