শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান
শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সিরাতুন্নবী মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত।

 

Advertisement

ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদরঘাট থানার উদ্যোগে মাঝিরঘাট কর্ণফুলী উঠানের সামনে আয়োজিত সিরাতুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাওলানা মোল্লা নাজিম। বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহানবী সা:-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব। ইসলামে শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ এবং তাদের সাথে সম্মানজনক আচরণের নির্দেশনা রয়েছে। শ্রমিকরা অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার চালিকাশক্তি হলেও অনেকেই ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন। এ অবস্থার পরিবর্তনে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ও শ্রমিকদের সংগঠিত ভূমিকা প্রয়োজন। এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা শুধু অর্থনৈতিক দাবি নয়, এটি ন্যায়বিচার ও মানবিক মর্যাদার বিষয়। শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের ইসলামী নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে।
প্রধান আলোচক মাওলানা মোল্লা নাজিম বলেন, পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব।
অনুষ্ঠানে মাদারবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল হানাফি, মহানগর সহসভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, মহানগর ও থানা জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।