কেরানীগঞ্জে গ্যাস সঙ্কটে তিতাস অফিস ঘেরাও সড়ক অবরোধ

 ঢাকা জেলা প্রতিনিধি

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের তীব্র সঙ্কটে পড়েছেন শুভাঢ্যা ইউনিয়নের দুই, তিন ও চার নং ওয়ার্ডের স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চলা গ্যাস সঙ্কটের প্রতিবাদে তিতাস গ্যাস অফিস ঘেরাও এবং বাবুবাজার ব্রিজসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নারী-পুরুষ মানুষ হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বাবুবাজার ব্রিজ এলাকায় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, গত ২২ আগস্ট থেকে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর তিন থেকে চার দিন পর সাময়িকভাবে কিছু সময়ের জন্য গ্যাস এলেও এরপর থেকে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নিরবচ্ছিন্ন গ্যাস না থাকায় রান্না-বান্নাসহ দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবারগুলোকে।
শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আমিনুল ইসলাম  জুয়েল বলেন, আমাদের পার্শ্ববর্তী এলাকায় গ্যাস থাকলেও সুভাঢ্যা ইউনিয়নের  ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘ ছয় মাস ধরে গ্যাস নেই। বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। আরেক বাসিন্দা জানান, বাধ্য হয়ে আজ আমরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছি। তিতাস গ্যাস অফিসের এক কর্মকর্তা জানান, পাইপলাইনের যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ত্রুটি মেরামতে কাজ চলছে, যত দ্রুত সম্ভব সরবরাহ স্বাভাবিক করা হবে।