উজিরপুরে ঘুষের ভিডিও ভাইরাল প্রত্যাহার ২ কর্মচারী

 উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ে ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত রোববার ভিডিও ধারণকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধরের ঘটনার পর এ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর ইউএনও মো: আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন। প্রত্যাহার হওয়া দুই কর্মচারী হলেন শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। তাদের বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চুক্তিভিত্তিক গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Advertisement