
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনসমূহের হামলা, ভাঙচুর ও থানায় আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে এই পরিস্থিতি লক্ষ করা যায়। জেলা জুড়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরপরই নেতাকর্মী ও সমর্থকরা তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে মসজিদে মাইকিং করা হলে মুহূর্তের মধ্যে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়।
হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানা থেকে গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেয়া হলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে নিলফা বাজার এলাকায় তারা হামলার শিকার হন। বিক্ষুব্ধরা সেখানে বিজিবির একটি এপিসি ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এরপর রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তার আত্মীয়স্বজনের আরো আটটি বাড়িতে আগুন দেয়।
এ ঘটনায় অন্তত ৫০ জন পুলিশ ও সাংবাদিক আহত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








