
বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ ছয় দিন পর বান্দরবান থানচি সড়কে নিরাপত্তা বাহিনীর পাহারায় যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে শহরের তিন নম্বর স্থানের থানচি স্টেশন থেকে প্রথম যাত্রীবাহী বাসটি ছেড়ে যায়।
জানা যায়, সশস্ত্র সন্ত্রাসীরা বাস মালিক সমিতির কাছে ছয় লাখ টাকা দাবি করার পর ওই সড়কে নিরাপত্তার আশঙ্কায় ছয় দিন ধরে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রী ও পর্যটকরা। দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প পন্থায় তাদেরকে চলাচল করতে হয়েছে।
এদিকে বাস চলাচল না করায় থানচিতে পর্যটকদের সংখ্যাও কমে আসছিল। বান্দরবান শৈলসোভা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি অমল দাশ জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পর বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। সড়কের নীলগিরি থেকে বলিপাড়া পর্যন্ত সেনাবাহিনী ও বলিপাড়া থেকে থানচি পর্যন্ত বিজিবির সদস্যরা নিরাপত্তা দিয়ে যাত্রীবাহী বাস চলাচলে সহযোগিতা করবে।
নিরাপত্তার নিশ্চিত হওয়ার পর মালিক সমিতি ও শ্রমিক মিলে বাস চলাচল শুরু করেছে। মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা জানান প্রতিবছর সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এ বছরও সন্ত্রাসীরা ছয় লাখ টাকা চাঁদা দাবি করেছে।
দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা বেশ কিছু দিন থেকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। এতে পরিবহন ব্যবসায় লোকসান হওয়ায় শেষ পর্যন্ত এই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে নিরাপত্তা বাহিনীর সাথে বৈঠকের পর বাস চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








