আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার

 সংসদ প্রতিবেদক

Advertisement

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গতকাল রোববার ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ও প্রতিনিধিদলের সদস্যদের অভ্যর্থনা জানান। গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।
৩৭টি দেশের সমন্বয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান পদে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং নির্বাহী কমিটিতে বাংলাদেশী সংসদ সদস্যের নির্বাচিত হওয়া আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের প্রতিনিধিত্বকে আরো জোরালো করবে বলে আশা করা হচ্ছে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি, সরওয়ার জামাল নিজাম, এ কে এম সুলতান মাহমুদ বাবু, মো: শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
প্রতিনিধিদলে আরো ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া।