সেনবাগে আইনশৃঙ্খলার অবনতি, ৫ দিনে পাঁচজনের লাশ উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা 
নোয়াখালীর সেনবাগে পাঁচ দিনে পৃথক ঘটনায় এক পোলট্রি ব্যবসায়ী, এক শারীরিক প্রতিবন্ধী যুবক, এক অটোচালক, এক তরুণ ও এক শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে এসব ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাজা মাইনুদ্দিন ওরফে মানিক (৫০) নামে এক পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়। 
পরদিন শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দাফন-কাফনের জন্য উপজেলা প্রশাসন থেকে তার পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের একটি বাগান থেকে দোলন কুমার বণিক (৩০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়। 
দীর্ঘ দিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, দোলন রাসায়নিক পদার্থ পান করে থাকতে পারেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
একই দিন সকালে কেশারপাড় ইউনিয়নের পশ্চিম কালারাইতা গ্রামের একটি গাছ থেকে মো: হোসেন আহম্মদ (৪৫) নামে এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।
এর আগে বুধবার রাতে ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের ধানক্ষেত থেকে মো: মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো: রিপনের ছেলে। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ছাড়া বৃহস্পতিবার বিকেলে কাবিলপুর ইউনিয়নের পূর্ব কাবিলপুর গ্রামের মিঝি বাড়িতে পুকুরের পানিতে ডুবে হুমায়ারা বেগম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের অগোচরে পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ওসি মো: হযরত আলী মিলন জানান, পৃথক ঘটনাগুলোর মধ্যে কয়েকজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement