পরীক্ষা শেষের দিনই শিক্ষার্থীরা হাতে পাবে বই : শিক্ষামন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

২০২৭ সালের নতুন বছরের প্রথম দিন পর্যন্ত অপেক্ষা নয়; চলতি বছরের বার্ষিক পরীক্ষা শেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী কমিটির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ খবর জানান। সরকার গুণগত মানসম্পন্ন বই দিতে বদ্ধপরিকর উল্লেখ করে শিক্ষামন্ত্রী মাদরাসা প্রধান ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোনো প্রিন্টার্স যদি নির্ধারিত মান (স্পেসিফিকেশন) অনুযায়ী বই সরবরাহ না করে, তবে তা গ্রহণ করবেন না। কাগজের গ্রেডিং বা বাইন্ডিং খারাপ হলে কিংবা চাহিদার চেয়ে একটি বইও কম থাকলে তা না নেয়ার করার অনুরোধ জানান তিনি।
জমিয়াতুল মোদার্রেছীনের সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের সম্পর্ক তুলে ধরে মিলন বলেন, জিয়াউর রহমান প্রথম মাদরাসা শিক্ষায় সাধারণ শিক্ষা সম্পৃক্ত করেন। খালেদা জিয়ার আমলে দাখিল ও আলিম স্তরে ভোকেশনাল শিক্ষা চালুর মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করা হয়েছিল, যার ফলে তারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালেও ভর্তির সুযোগ পান। একই ধারাবাহিকতায় বর্তমান সরকারও মাদরাসা শিক্ষার উন্নয়নে বাজেট বৃদ্ধি ও নানা পদক্ষেপ অব্যাহত রেখেছে।
শিক্ষামন্ত্রী সরকারের শিক্ষা-বান্ধব নানা উদ্যোগের কথা জানিয়ে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে শিগগিরই ৭৭ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে। বিএনপি সরকারের শিক্ষা উন্নয়ন ভাবনার সাথে জমিয়াতুল মোদার্রেছীনের নীতি ও আদর্শের কোনো পার্থক্য নেই বলেও তিনি মন্তব্য করেন। জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমদ মোমতাজী। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।