দক্ষতা ও ভাষা শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ সৃষ্টির আহ্বান শ্রমমন্ত্রীর

চট্টগ্রাম ব্যুরো
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের প্রবেশাধিকার বাড়াতে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশে গ্রাফিক্স ডিজাইনসহ নানা উদীয়মান খাতের ব্যাপক চাহিদা থাকলেও প্রচারের অভাবে সুযোগ ব্যাহত হচ্ছে। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষার পাশাপাশি জনবল সঙ্কট নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতা নেয়ার কথা জানান। একই সাথে চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এর আগে মন্ত্রী চট্টগ্রামস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসি ও মহিলা টিটিসি পরিদর্শন করেন। পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো: ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও শ্রম সচিব মো: আবদুর রহমান তরফদারসহ ঊর্ধ্বতন বিচারক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement