দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে বদ্ধপরিকর সরকার : ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
সভায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকার সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে বদ্ধপরিকর। তিনি প্রধানমন্ত্রীর দফতর থেকে বরাদ্দকৃত অনুদান পূজা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের সব মণ্ডপে সুষ্ঠুভাবে পৌঁছানো নিশ্চিত করার তাগিদ দেন।
সভায় সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধির বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মণ্ডপের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতিমা বিসর্জনের সময় ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে।  
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী আজান ও নামাজের সময় প্রয়োজনীয় নীরবতা বজায় রেখে দীর্ঘদিনের ঐতিহ্যগত চর্চা ধরে রাখার আহ্বান জানান। পবিত্র কুরআনের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি অন্য ধর্মের উপাস্য সম্পর্কে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে অপরাধীকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো বা সম্পাদিত ঘটনার অপব্যবহারের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একই সাথে সচেতন যুবসমাজকে গুজব প্রতিরোধে সঠিক তথ্য প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Advertisement