
রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে ১১৭টি চোরাই মোবাইল ফোনসহ একটি সক্রিয় মোবাইল চোরাকারবারি চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ জহুরুল ইসলাম (৩৮)। রোববার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে পল্টন মডেল থানাধীন সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের একটি দল গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি স্মার্টফোন ও বাটন ফোন এবং ২০টি পুরোনো মোবাইল চার্জার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১২ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল ইসলাম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন কম দামে সংগ্রহ করে গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীতে চোরাই পণ্যের অবৈধ বাণিজ্য রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







