শান্ত
নাজমুল হোসেন শান্ত ছবি: সংগৃহীত
তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বড় মঞ্চ বলে মনে করেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অভিমত তুলে ধরেন শান্ত। শান্ত বলেন, ‘আল্লাহর রহমতে আমি বহু বছর ধরে বিপিএল খেলছি। যখনই শুনি বিপিএল শুরু হবে তখন প্রতি বছরই অন্যরকম উত্তেজনা কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি একটি বিশাল মঞ্চ। এখানে ভালো পারফরমেন্স করতে পারলে আমাদের ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বেশি ভালো হবে।’ তবে শান্তর কাছে বিপিএল শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্সের জায়গা নয়। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শান্ত বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল একটি বড় টুর্নামেন্ট। প্রতি বছরই বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই আমাদের জন্য বিপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ মঞ্চ।’ বিপিএলের মতো বড় টুর্নামেন্টে ভালো পারফরমেন্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে এবং ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলতে বড় ভূমিকা রাখে বলে মনে করেন শান্ত।