
গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গেটে তালা ও ভিসিকে নিজ দফতরে অবরুদ্ধ করে রাখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি করা হয়।
গত সোমবার ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, ক্যাম্পাস লকডাউন ও ভিসিকে অবরুদ্ধ রাখার ঘটনার তিন দিন পর মামলাটি করা হয়।
এদিকে মামলার বাদির রাজনৈতিক পরিচয় ও সাবেক আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর সাথে তার আত্মীয়তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিএনপি-জামায়াতপন্থী হিসেবে পরিচিত আন্দোলনকারীদের দমনে ভিসি আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের ব্যবহার করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রাজনৈতিক বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠছে।
বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দফতরের সহকারী প্রক্টর (এসও) মো: সালাহ্ উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন। সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে গাছা থানার এসআই (নিরস্ত্র) মো: আব্দুল আউয়াল সরদারকে।
এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা সম্পা ও অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আজিজুল হক।
মামলার বাদি মো: সালাহ্ উদ্দিনকে সাবেক আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ভাগিনা বলে দাবি করেছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন। তাদের অভিযোগ, বাদি আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ ও বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত। তারা তাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এমন একজন কর্মকর্তাকে বাদি করে মামলা দায়েরের মধ্য দিয়ে আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা স্পষ্ট হয়েছে।
আন্দোলনকারীদের আরো অভিযোগ, ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ তাদের ন্যায্য দাবির আন্দোলন দমনে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের ব্যবহার করছেন। তাদের ভাষ্য, আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীদের দিয়ে প্রথমে পাল্টা কর্মসূচি দিয়ে আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, এরপর ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধেই উল্টো সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সঙ্কট রাজনৈতিক বিভাজনে রূপ নিচ্ছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদি সালাহ্ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ৯৮৮ জন পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বিদ্যমান বেতন স্কেলে বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
ওই দিন আন্দোলনের বিপরীতে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীদের অপর একটি অংশ পাল্টা কর্মসূচি দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করেন ভিসি। এর আগে জরুরি সিন্ডিকেট সভায় ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রব্বানী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট পরিস্থিতি ও সংশ্লিষ্ট ঘটনাগুলো তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে কমিটির প্রধান করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









