
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মসজিদের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাত দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিদের অংশগ্রহণে মুখরিত হবে এবারের আয়োজন।
৭ দেশের খ্যাতনামা ক্বারিদের কোরআন তিলাওয়াত
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত ক্বারিরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন।
এবারের সম্মেলনে বিদেশী অতিথি হিসেবে অংশ নেবেন:
মিশর: শায়েখ আবদুন নাসের হারাক
আফগানিস্তান: ক্বারী আবদুল কাবীর হায়দারী
পাকিস্তান: ক্বারী আনোয়ারুল হাসান শাহ বোখারী
ইরান: শায়েখ ক্বারী ওয়াহীদ খাজাইয়ী
ভারত: ক্বারী হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী
দক্ষিণ আফ্রিকা: ক্বারী ব্যারিস্টার যুবায়ের বারদাই
বাংলাদেশের পক্ষ থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও ক্বারিরাও সম্মেলনে অংশ নেবেন।
প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতি
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীন।
সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান এবং নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামা, শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ধর্মীয় ও সামাজিক অঙ্গনের নেতারা অংশ নেবেন।
আয়োজক ও আহ্বায়কের বক্তব্য
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ বলেন, ‘এবারের সম্মেলন আন্তর্জাতিক পরিমণ্ডলে পবিত্র কোরআনের তিলাওয়াত, ক্বিরাতশাস্ত্রের সৌন্দর্য এবং বাংলাদেশে কোরআনচর্চার ঐতিহ্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে।’
আয়োজকেরা জানান, দেশের কোরআন শিক্ষা, তিলাওয়াত ও ক্বিরাতশাস্ত্রের প্রচার-প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব জোরদারে কাজ করছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








