
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সহযোগিতা জোরদার, কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি এবং যৌথ সামরিক প্রশিক্ষণের নতুন সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক জোরদার
বৈঠককালে তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সামরিক প্রশিক্ষণ সহযোগিতা জোরদার, উচ্চপর্যায়ের পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রশংসা
প্রতিরক্ষা উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল অবদান ও পেশাদারিত্বের কথা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশী শান্তিরক্ষীদের অনন্য ভূমিকা, ত্যাগ ও ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের সামরিক সহযোগিতা আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভবিষ্যৎ সম্পর্কের নতুন দিগন্ত
বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ মহড়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক এবং কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








