সিটি হাসপাতাল, ছাত্রদল নেতা আবদুর সালাম, ছাত্রদল থেকে বহিষ্কার, মোহাম্মদপুর হাসপাতাল হামলা, হাসপাতাল ভাঙচুর, হাসপাতাল লুটপাট, সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
বহিস্কৃত সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদল নেতা আবদুর সালাম। সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সিটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের নেতা আবদুর সালামকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর সালামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীন সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে ৭০ থেকে ৮০ জন যুবককে সাথে নিয়ে সিটি হাসপাতালে প্রবেশ করেন আবদুর সালাম। এ সময় তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে হাসপাতালের এক কর্মীকে মারধর করেন। পরে তারা হাসপাতালটিতে ভাঙচুর ও লুটপাট চালান।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হামলায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার আগে এক নারী রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার স্বজনেরা চিকিৎসার বিলে ছাড় চান। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ও দেয়। বিল পরিশোধ করে তারা চলে যাওয়ার ১০ মিনিট পর ছাত্রদল নেতার নেতৃত্বে একদল যুবক হাসপাতালে প্রবেশ করে হামলা চালায়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় অভিযোগ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।