
ওসমান হাদিসহ জুলাইয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের সবার হত্যার বিচারের দাবিতে আমরা মাঠে নেমেছি বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘যারা নির্বাচনের আগে বলেছিলেন, ‘হ্যাঁ’ হলে তা বাস্তবায়ন করবেন, তারা এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে জনগণের রায়কে তোয়াক্কা করছেন না। এর পরিণতি দেশের জনগণ ভালোভাবে নেবে না।’
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় খুলনার শিববাড়ী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী তৃতীয় লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, ‘কার্ডে দুই হাজার টাকা বুঝ দিয়ে গ্যাস-বিদ্যুতে পাঁচ হাজার টাকা নেয়া হচ্ছে। কৃষক সার পাচ্ছেন না। দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছেন না। লাখো লাখো মানুষ আমাদের জানাচ্ছেন, দেশের এই সরকারের জুলুমবাজি আর সহ্য হচ্ছে না।’
তিনি বলেন, ‘জনগণের রায় উপেক্ষা করে সরকার গঠন করায় এর পরিণতি জনগণই নির্ধারণ করবে।’
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘সরকার জাতির সাথে গাদ্দারি না করলে বিরোধী দলের মাঠে নামার প্রয়োজন হত না। সরকার সংবিধান সংস্কার না করলে আর দেশে থাকতে পারবে না। সংবিধান সংস্কারসহ সাত দফা দাবি মেনে না নিলে এক দফা নিয়ে মাঠে নামা হবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘কীভাবে দাবি আদায় করতে হয়, তা ১১ দলীয় ঐক্যের জানা আছে।’ সরকারকে অচিরেই এসব দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের সাথে গাদ্দারি ও বেঈমানি করা বিএনপিকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।’
একটি অবৈধ হলে অন্যটি বৈধ হয় কীভাবে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘গণভোট অবৈধ হলে প্রধানমন্ত্রীও অবৈধ।’
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে বিভিন্ন পদে সরকার ও বিরোধী দলের সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা। বিরোধী দলকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করে বাকশালি কায়দায় দেশ চালানো এ দেশের মানুষ মেনে নেবে না।’
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন যত দিন প্রধানমন্ত্রী থাকবেন এ দেশের মানুষ তার সাথে থাকবে না। সালাউদ্দিন সাহেব দেশের মানুষকে তাচ্ছিল্য করে। দেশের মানুষের করের টাকা দিয়ে বিরোধী দলকে গালাগালি করা হচ্ছে। রাজা যেমন, কর্মচারীও তেমন।’
দেশের মানুষের দিকে তাকিয়ে ১১ দলের তথা গণমানুষের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
পথসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ইজ্জত উল্লাহ, এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদিব, চাকসুর ভিপি ইব্রাহীম রনি, ডাকসুর জিএস এসএম ফরহাদ এবং ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
খুলনা মহানগরী জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের খুলনার আহ্বায়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিকসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








