
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে, অন্যথায় নতুন কর্মসূচী ঘোষণা করা হবে। একই সাথে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের নেতা ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলের লংমার্চ উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে পৌরসভা-সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, জেলা শিবিরের সভাপতি সালাউদ্দিন, জামায়াত নেতা রিপন সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইনসহ ভাঙ্গা, পৌর আমির ডা: মো: এনায়েত হোসেন, জামায়াত নেতা মফিজুল ইসলাম মাসুদ, জামায়াত নেতা মো: হাফিজুল ইসলামসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই ভাঙ্গায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। নারী-পুরুষসহ শত শত নেতাকর্মী ভাঙ্গা বিশ্বরোডের পৌরসভা-সংলগ্ন এলাকায় জড়ো হন। সড়কের দুই পাশে দলীয় ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে তারা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। এসময় অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইন ও পৌর জামায়াতের আমির মো: এনায়েত হোসেনের তত্ত্বাবধানে লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








