জেনসেন হুয়াং
জেনসেন হুয়াং। সংগৃহীত ছবি
ads

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জেনসেন হুয়াংয়ের ফেরার খবরে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাজারে বড় উত্থানের পর মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারেও প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দর ব্যাপকভাবে বেড়েছে।

বিবাহবহির্ভূত সম্পর্ক, যার মধ্যে চীনের এক কথিত গুপ্তচরের সাথে সম্পর্কের অভিযোগও রয়েছে, এমন বিতর্কের জেরে দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারো এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন হুয়াং।

গত ১২ নভেম্বর সিলিকন ভ্যালিভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধানের পদ থেকে তার পদত্যাগের খবর বিশ্ববাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ব্যবসায় বড় ধরনের ধাক্কা লাগে। এর আগেই এ খাতের মুনাফা অর্জনের সক্ষমতা এবং বিপুল বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

প্রযুক্তি খাতে বিপ্লব এবং বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এআই শিল্পে হুয়াংকে একজন দক্ষ সঙ্কট মোকাবিলাকারী ও দূরদর্শী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তাই এনভিডিয়ার ভবিষ্যৎ এবং এআই প্রযুক্তির বিস্তারে তার নেতৃত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার খোলার পরপরই হুয়াংয়ের ফিরে আসার খবর প্রকাশিত হয়। এর পরপরই শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা দেয়। এনভিডিয়ার শেয়ারের দাম এক লাফে ৩১ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য ৯০০ বিলিয়ন ডলারেরও বেশি বৃদ্ধি পায়।

ওয়াল স্ট্রিটের অন্যান্য বড় কোম্পানির শেয়ারেও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। ফলে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৬ শতাংশের বেশি, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৪ দশমিক ৭ শতাংশ এবং ডাও জোন্স সূচক ৩ শতাংশ বেড়ে যায়।

সপ্তাহের শুরুতে কিছুটা দুর্বল অবস্থানে থাকা এশিয়ার শেয়ারবাজারেও এর প্রভাব পড়ে।

এশিয়ার বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি উত্থান দেখা যায় তাইওয়ানে। দেশটির শেয়ারবাজার ৯ শতাংশের বেশি বেড়ে যায়। চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি ও মিডিয়াটেকের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ করে বৃদ্ধি পায়।

দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারও ৬ শতাংশের বেশি বেড়েছে। দেশটির বড় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ করে বৃদ্ধি পায়।

টোকিওর শেয়ারবাজার ৪ শতাংশ বেড়েছে। এদিন অ্যাডভানটেস্টের শেয়ারের দাম ১৪ শতাংশ, টোকিও ইলেকট্রনের ১১ শতাংশ এবং কিওক্সিয়ার ৮ শতাংশ বৃদ্ধি পায়।

এছাড়া হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন ও ম্যানিলার শেয়ারবাজারেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

স্যাক্সো মার্কেটসের বিশ্লেষক চারু চানানা বলেন, হুয়াংয়ের প্রত্যাবর্তনের ফলে এআই খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া অন্যতম বড় অনিশ্চয়তা দূর হয়েছে।

তিনি আরো বলেন, ‘জেনসেন শুধু এনভিডিয়ার সিইও নন; বরং পুরো এআই শিল্পের অন্যতম প্রধান প্রচারক। গ্রাহক, সরবরাহকারী ও বিনিয়োগকারীদের সাথে তার যে সম্পর্ক রয়েছে, তা অন্য কারো পক্ষে সহজে তৈরি করা সম্ভব নয়।’

চানানা বলেন, এনভিডিয়ার নেতৃত্ব নিয়ে সঙ্কটের কারণে এশিয়ার অনেক প্রযুক্তি কোম্পানির শেয়ারের দামও ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুয়াংয়ের ফিরে আসার খবরে এসব কোম্পানির শেয়ারবাজারে স্বস্তি ফিরেছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বিশ্লেষক গ্যাভিন ফ্রেন্ড বলেন, হুয়াংয়ের পুনর্নিয়োগ এআই খাতের জন্য স্বস্তির খবর। এর ফলে এ খাতে প্রচলিত পারস্পরিক অর্থায়নব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা কিছুটা কমেছে।

তবে বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, হুয়াংয়ের প্রত্যাবর্তন মানেই এআই খাতকে ঘিরে চলমান তদন্ত ও অনিশ্চয়তার অবসান নয়। গত ছয় মাস ধরে এ খাতের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সাথে তার সরাসরি যোগাযোগের পর হুয়াংকে পুনরায় দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে এফবিআই এবং মার্কিন কংগ্রেসের বিভিন্ন পর্যায়সহ একাধিক সংস্থার তদন্তের আওতায় রয়েছে এনভিডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক ছিল। 

উল্লেখ্য, তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। চীনা কোম্পানিগুলোকে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ সংগ্রহে সহায়তা করার অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চলছে।

সপ্তাহান্তে প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে অভিযোগের বিষয়ে আরো কিছু তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, গোপন সম্পর্ক চলাকালে অ্যালিস হুয়াং চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রাখতেন।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্র মেগাস্পিডকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তির চিপ কিনতে পারবে না।

এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। সোমবার বড় দরপতনের পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগস্টের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান হতে পারে—এমন আশাবাদ থেকে তেলের দামে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রায় নয় মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে আলোচনার সম্ভাবনা থেকেই তেলের বাজারে এই প্রভাব পড়েছে।

সূত্র : বাসস