অবকাঠামো, হামলা, ইরানি হুমকি,  প্রত্যাখ্যান, কাতার,মাজেদ আল-আনসারি,মুখপাত্র
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। আল জাজিরা

যুক্তরাষ্ট্র আবারো হামলা চালালে উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ। গালিবাফের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কাতার বলেছে, ‘যে কোনো পক্ষ’ অবকাঠামোয় হামলা চালালে তা নিন্দনীয়।

Advertisement

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থের বিরুদ্ধে যায়। আল জাজিরা এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘অবকাঠামো ও প্রতিষ্ঠান নিয়ে যে কোনো হুমকি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণের লঙ্ঘন।’

আল-আনসারি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান এবং দুই পক্ষের মধ্যে মিলের জায়গা খুঁজে বের করতে কাতার অন্য মধ্যস্থতাকারীদের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটি মধ্যস্থতার উদ্যোগের পেছনেই বড় ধরনের চেষ্টা করতে হয়।’

তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেয়নি। ইরানকে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে হবে। হামলার শিকার হওয়ার পরও কাতার ‘শান্তির চেষ্টা থেকে সরে যাচ্ছে না’।

এর আগে ইরানের প্রধান আলোচক গালিবাফ বলেছিলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করা না হলে এই অঞ্চলের কোনো অবকাঠামোই হামলা থেকে নিরাপদ থাকবে না। তিনি আরো বলেন, ইরান যদি স্বাধীনভাবে তেল বিক্রি করতে না পারে, তাহলে উপসাগরীয় কোনো দেশই তাদের তেল বিক্রি করতে পারবে না।