চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, চিকিৎসক, সাংবাদিক, প্রশাসন
গোলটেবিল আলোচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। নয়া দিগন্ত
ads

চিকিৎসক, গণমাধ্যম ও প্রশাসন- এই তিন পক্ষের পারস্পরিক আস্থা ও সমন্বয় ছাড়া স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মনে করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, জনবল সঙ্কট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসক ও রোগী উভয়ের সুরক্ষায় একটি ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ এবং ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে চিকিৎসক, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। আমাদের এই আস্থার সঙ্কট কাটিয়ে উঠতে হবে।

স্বাস্থ্য খাতের বর্তমান পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত জানান, ইতোমধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর পরপরই আরো পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগও নেয়া হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতির কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও সময় নির্ধারণ স্লট পদ্ধতি চালু করা হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরো ৫-৬টি বিশেষায়িত হাসপাতালে এই ডিজিটাল সেবা পুরোপুরি চালু হবে। এতে রোগীদের আর ভোররাত থেকে লাইনে দাঁড়াতে হবে না এবং দালালদের দৌরাত্ম্যও কমবে।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে পড়ে থাকা পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি দিয়ে চালু করা হবে। পাশাপাশি আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী নতুনভাবে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে।

অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, ডিসেম্বর থেকে প্রতিমাসে আমরা দুইটা লিভার ট্রান্সপ্লান্ট করব। আমাদের সুপার স্পেশালাইজড হাসপাতালে আশেপাশের দেশের মানুষের চিকিৎসা দিতে চাই। সেজন্য সরকারের কাছে এক হাজার ৪০০ কোটি টাকা চেয়েছি।

তিনি বলেন, আমাদের সব কাজে সহযোগী হিসেবে সাংবাদিকদের পাশে রাখতে চাই। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: মো: রফিকুল ইসলাম।

বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি, আরিজ ফাউন্ডেশন, প্ল্যাটফর্ম টুডে এবং ডিএমডি মিডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরো রাখেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সেক্রেটারি মুজাহিদ শুভ, ডা: মো: রফিকুল ইসলাম ও সাংবাদিক রাইসুল হক চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাস্কোরলার সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা: সাকলায়েন রাসেল।