হামজা চৌধুরী, বাংলাদেশ, চেনচো গেলশেন, ভুটান, সাফ চ্যাম্পিয়ানশিপ
ভুটানের অধিনায়ক চেনচো গেলশেন। সংগৃহীত

চোটে কারণে গত বছরের জুনে হামজা চৌধুরীর বিপক্ষে মাঠে নামতে পারেননি ভুটানের অধিনায়ক চেনচো গেলশেন। আশা ছিল সাফে এই আক্ষেপের অবসান হবে। তবে সাফে ভুটানের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ।

Advertisement

ইংল্যান্ডে ক্লাব ফুটবলে ব্যস্ততার জন্য ৯ নভেম্বরের আগে বাংলাদেশ দলের সাথে যোগ দেয়া হচ্ছে না হামজার। এতে হামজার বিপক্ষে খেলার অপেক্ষা আরো বাড়লো চেনচোর। বুধবার সংবাদ সম্মেলনে হামজা খেলছে না বলে খুশি নন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘চোটের কারণে গতবার আমি আসতে পারিনি। ফলে হামজার বিপক্ষে খেলাটা মিস করি। এবার হামজা খেলছে না বলে আমি খুশি নই। আসলে আমি চেয়েছিলাম হামজা খেলুক।’ 

হামজাকে সাফ অঞ্চলের একজন বড় তারকা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি শুনেছি সে প্রথম ম্যাচের জন্য আসছে না। হামজার বিপক্ষে খেললে ভালো লাগতো।’

সাফ জেতা প্রতিটি দলেরই স্বপ্ন জানিয়ে ভুটানের অধিনায়ক বলেন, ‘আমরা প্রথম ম্যাচটা জেতার চেষ্টা করব এবং সেমি-ফাইনালের জন্য নিরাপদ অবস্থানে থাকার চেষ্টা করব।’

হামজার পাশাপাশি বাংলাদেশ দল আজ ভুটানের বিপক্ষে পাচ্ছে না যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদকেও।

আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান। দুই দলের ১৭ মোকাবিলায় বাংলাদেশ ১৩ বার জিতলেও দুই হারের পাশাপাশি দুইবার ড্র-ও করেছিল ভুটান।