
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে আছে চমক। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন প্রবাসী তিন ফুটবলার- ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতফুসা ও জিদান আলেকজান্ডার ইউসুফ।
অন্যদিকে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ আমির কেরাওয়ালার।
তিন নতুন মুখের মধ্যে ফারহান আলী ওয়াহিদ খেলেন আক্রমণভাগে। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার ফুলহামের বয়সভিত্তিক কাঠামোর সাথে যুক্ত ছিলেন। জাতীয় দলের চলমান ক্যাম্পে সরাসরি যোগ না দিয়ে ইন্দোনেশিয়ায় দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার। কোচ টমাস ডুলি তাকে আক্রমণভাগে নতুন একটি বিকল্প হিসেবে দেখছেন।
জাপানপ্রবাসী শুকি ইতফুসাও আক্রমণভাগের খেলোয়াড়। জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের পর চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনি। আর সেন্টার-ব্যাক জিদান আলেকজান্ডার ইউসুফের আগে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে খেলেছেন। এবার সিনিয়র জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় এই তরুণ।
তিন নতুন প্রবাসীর সাথে চূড়ান্ত দলে রয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম। প্রাথমিক ক্যাম্পে না থাকলেও হামজা ও শমিতকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়েছে।
গোলরক্ষক হিসেবে দলে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। ফলে দীর্ঘদিন জাতীয় দলের গোলবার সামলানো জিকো এবার চূড়ান্ত দলে জায়গা পাননি। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফ কেরাওয়ালাও শেষ পর্যন্ত দলে জায়গা করে নিতে পারেননি।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া ও হংকংয়ে হবে প্রথম ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ায়। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের আসর।
এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে ডুলির দল। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেয়ার কথা রয়েছে। তবে কয়েকজন খেলোয়াড়ের ভিসা জটিলতার কারণে সফরের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা।







