এএমডির প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ
এএমডির প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ।

প্রযুক্তি ডেস্ক 
এআই কম্পিউটিং খাতে নিজেদের ক্রমাগত ভূমিকা নিয়ে বিনিয়োগকারীদের আস্থার ফলে এ মাইলফলকে পৌঁছাল কোম্পানিটি, যার মাধ্যমে বিশ্বের স্বল্পসংখ্যক চিপ নির্মাতা কোম্পানির এলিট ক্লাবে নাম লেখাল এএমডি। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাভিত্তিক কোম্পানিটির জন্য এ অর্জন দ্রুত উত্থানেরই নির্দেশক। ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ চিপের বাজারে এআই খাতের শীর্ষ কোম্পানি এনভিডিয়ার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয় এএমডি।
এনভিডিয়া, ব্রডকম ও মাইক্রনের পর চতুর্থ মার্কিন চিপ নির্মাতা কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলারের ঘরে প্রবেশ করল এএমডি। এর আগে, ২০২৩ সালে এনভিডিয়া এই মাইলফলক পেরিয়েছিল এবং বর্তমানে পাঁচ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারদর নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির আসনে রয়েছে।
এনভিডিয়ার সাথে টেক্কা দিতে কেবল আলাদা চিপ বিক্রির ধারণার বাইরে এসে সম্পূর্ণ সিস্টেম, যেমন প্রসেসর, নেটওয়ার্কিং সরঞ্জাম ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার সরবরাহের ওপর জোর দিয়েছে এএমডি। এআই পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াও দ্রুততর করেছে কোম্পানিটি।
অন্যদিকে, সার্ভারে ইনফেরেন্স বা অনুমান প্রক্রিয়াকরণের কাজে গ্রাফিক্স প্রসেসরের পাশাপাশি ব্যবহৃত ‘সেন্ট্রাল প্রসেসিং ইউনিট’ বা সিপিইউর ক্রমাগত চাহিদা ইনটেলের কাছ থেকে বাজার দখল করতে এএমডিকে সহায়তা করেছে।