
উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি ও উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আত্রাই নদী। দিনাজপুর, নওগাঁ ও নাটোরসহ বিস্তীর্ণ এলাকার ধান, গম, ভুট্টা ও রবিশস্য চাষে এই নদীর পানি সেচের প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়। ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাতেও আত্রাই নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে নওগাঁর আত্রাই উপজেলা এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী একটি স্থানে যোগাযোগের বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে এই নদী।
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া সীমান্ত দিয়ে নদীটি প্রবাহিত হয়েছে। ওই স্থানে নদীটি প্রায় ১২০ মিটার প্রশস্ত। কিন্তু এখানে কোনো পাকা সেতু নেই। ফলে দুই পাড়ের অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা খেয়া নৌকা। বর্ষাকালে বৃষ্টির পাশাপাশি উজানের পানির চাপে নদী ফুলে ওঠে এবং তীব্র স্রোতের সৃষ্টি হয়। তখন খেয়া নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সেতু না থাকায় ওই এলাকায় কোনো ভারী যানবাহন, অ্যাম্বুলেন্স বা পণ্যবাহী ট্রাক নদী পার হতে পারে না। এক পাড় থেকে অন্য পাড়ে যেতে হলে বেশ কয়েক কিলোমিটার পথ ঘুরে আত্রাই সদর বা নাটোরের বিকল্প সড়ক ব্যবহার করতে হয়।
একটি সেতুর অভাবে এই অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। অনেকের নদীর এক পাড়ে বাড়ি, তো অন্য পাড়ে ফসলি জমি। এটি তাদের অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রায় সংকট তৈরি করছে। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন, খাজুরা বাজারে যাতায়াত এবং শিক্ষার্থীদের চলাচলেও চরম বিঘ্ন ঘটছে। খাজুরায় একটি আলিম মাদরাসা ও একটি উচ্চবিদ্যালয় রয়েছে। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া পার হয়ে যাতায়াত করতে হয়।
গতকাল নয়া দিগন্ত-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ না হওয়ায় কৃষকদের প্রতি মণ ধানে ২০০ টাকা বা তারও বেশি লোকসান গুনতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ অর্থনীতি। পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা পেতে বিলম্ব হচ্ছে এবং ঘুরপথে যাতায়াতের কারণে সময় ও শ্রমের অপচয় হচ্ছে। এসব কারণে ওই পয়েন্টে একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের।
আশার কথা হলো, সম্প্রতি এই জনদাবিটি ‘ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল’ বা ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। এতে এলাকার মানুষের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে আমাদের দেশে অনেক সময় জনগুরুত্বপূর্ণ প্রকল্পের প্রস্তাব কাগজে-কলমে বা ডিপিপিতে অন্তর্ভুক্ত হলেও অনুমোদন, অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের ধাপে গিয়ে দীর্ঘসূত্রতায় পড়ে যায়। এই বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে শঙ্কাও কাজ করছে।
নওগাঁ ও নাটোর সীমান্তের এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হোক। এ জন্য আত্রাই ও নলডাঙ্গা উপজেলার সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। যেকোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে মানসম্মত ও টেকসই সেতু নির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেতুটি নির্মিত হলে ওই এলাকার কৃষি অর্থনীতিতে গতি আসবে এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারিত হবে। এখন সবকিছু নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা ও দ্রুত তৎপরতার ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









