মালয়েশিয়া, কর্মী নিয়োগ
মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু। ইন্টারনেট

মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং অথবা সার্ভিস অ্যাজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং অ্যাজেন্সিসহ মোট ৩৩৮টি অ্যাজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

Advertisement

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া ১০ হাজার বাংলাদেশী কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। তালিকাভুক্ত রিক্রুটিং অ্যাজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে, বাংলাদেশে কর্মী নির্বাচন করতে এবং নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক প্রক্রিয়া, যেমন কলিং ভিসা ও ই-ভিসা সংক্রান্ত কাজে বোয়েসেলসহ তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং অথবা সার্ভিস অ্যাজেন্সি প্রয়োজনীয় সহায়তা দেবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রিক্রুটিং অ্যাজেন্সি বাংলাদেশের আইন অনুযায়ী কর্মীদের বিএমইটি ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি অনুমোদিত রিক্রুটিং অ্যাজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনে তাদের নির্বাচিত কর্মীদের বিএমইটি ছাড়পত্র নিতে পারবে। এ ক্ষেত্রে প্রসেসিং অথবা সার্ভিস অ্যাজেন্সিগুলো প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারবে।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং বৈধ ও যোগ্য বাংলাদেশী রিক্রুটিং অ্যাজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়াতে সরকার ধারাবাহিকভাবে কাজ করেছে। একই সাথে কর্মীদের অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ, নিরাপদ নিয়োগ এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিক্যাল সেন্টারের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আপাতত মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর মধ্য থেকে বিতর্কিত ও অনিয়মের সাথে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাদ দিয়ে অবশিষ্ট কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরবর্তী সময়ে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে মেডিক্যাল সেন্টারগুলো পরিদর্শন করে নতুন নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে। নতুন কেন্দ্র যুক্ত হলে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় জানায়, অনুমোদিত রিক্রুটিং অ্যাজেন্সির মাধ্যমে আগ্রহী কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো একটি মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে আরো কর্মসংস্থান সৃষ্টি, বৈধ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানো, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখাই সরকারের লক্ষ্য।

সূত্র : বাসস